নাটককে দীর্ঘ করে সিনেমা হিসেবে মুক্তির অভিযোগের মধ্যেই প্রকাশ্যে এলো হাসান জাহাঙ্গীর পরিচালিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ট্রেলার।
বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেলার প্রকাশ করেন নির্মাতা। প্রায় পৌনে চার মিনিটের ট্রেলারটি প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। নির্মাতার ফেসবুক পোস্টে তিন হাজারের বেশি মন্তব্যে দর্শকরা ট্রেলারটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানান।
অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন এমন কাজ নির্মাণে অর্থ ব্যয় করা হচ্ছে এবং এসব কে দেখবে। শত শত মন্তব্যে ট্রেলারটিকে ‘জঘন্য’ বলেও উল্লেখ করা হয়েছে। অরণ্য বিজয় নামে একজন মন্তব্য করেন, ‘এসব ফালতু বাজে সিনেমা ইন্ড্রাস্টি শেষ করে দেবে। এটা কোনোভাবেই রিলিজ করতে দেওয়া উচিত হবে না।
’ আরেক দর্শক আবদুর রহমান লেখেন, ‘এসব সিনেমাগুলো নাটকের চেয়েও ফালতু, জঘন্য। এগুলো ইউটিউবেও চলবে না, সিনেমা হলে দূরের কথা।’সিনেমাটিতে পরিচালনার পাশাপাশি কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন হাসান জাহাঙ্গীর। তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী।
এর আগে এক ভিডিও বার্তায় অভিনেতা ওমর সানী দাবি করেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মূলত একটি নাটক ছিল, যা যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল।
তিনি বলেন, ‘দর্শক যেভাবে মৌসুমীকে দেখে অভ্যস্ত, কাজটি সেই প্রত্যাশার সঙ্গে যায় না। তাই ছবিটির মুক্তি বন্ধের আহ্বান জানাই।’
পরে নিজের অবস্থান ব্যাখ্যা করে ভিডিও বার্তা দেন মৌসুমী। তিনি জানান, নির্মাতার অনুরোধে এক ঘণ্টার একটি নাটকে কাজ করতে রাজি হয়েছিলেন।
পরে তাকে জানানো হয়, অতিরিক্ত ফুটেজের কারণে এটি টেলিছবি হিসেবে মুক্তি পাবে। কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন, সেটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর সনদও পেয়েছে।এদিকে সিনেমাটির অন্য অভিনয়শিল্পী জেবা জান্নাত ও সিয়াম মৃধাও দাবি করেছেন, এটি সিনেমা নয়; নাটক হিসেবে কাজ করিয়ে সেই ফুটেজ সিনেমায় ব্যবহার করা হয়েছে।
তাদের মতে, এতে চলচ্চিত্র অঙ্গনের পরিবেশ ও কাজের সততা প্রশ্নের মুখে পড়ছে।
তবে এতসব সমালোচনা ও অভিযোগ মানতে নারাজ নির্মাতা হাসান জাহাঙ্গীর। তার দাবি, সিনেমাটি মুক্তির পর দর্শক ইতিবাচক বার্তা পাবে।
বলা দরকার, সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।