রান্না করা গরম খাবার সরাসরি ফ্রিজে রাখা ঠিক নয়। এতে খাবারের গুণমান নষ্ট হতে পারে। তাই আগে খাবার ঠান্ডা করে ঘরের তাপমাত্রায় আনতে হবে। এরপর ঢাকনা দেওয়া পাত্র বা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রাখতে হবে।
অনেকেই কয়েক দিন ধরে ফ্রিজে রাখা খাবার খান। এ ক্ষেত্রে পুরো খাবার একবারে বাইরে বের করে রাখা ঠিক নয়। এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং খাবার খাওয়ার অনুপযোগী হয়ে যেতে পারে।
সবুজ শাক যেমন ধনেপাতা বা পুদিনাপাতা ফ্রিজে রাখার আগে শুকনো কাগজ বা ন্যাপকিনে মুড়ে রাখা ভালো। এতে অতিরিক্ত পানি শোষিত হয় এবং শাক বেশি দিন সতেজ থাকে। প্রতিটি শাক আলাদা করে রাখা উচিত। জিপলক ব্যাগ ব্যবহার করলে আরও ভালো ফল পাওয়া যায়।
কিছু ফল ও সবজি যেমন আপেল ও টমেটো থেকে ইথিলিন গ্যাস বের হয়। এই গ্যাস অন্য সবজিকে দ্রুত পচিয়ে দিতে পারে। তাই এ ধরনের ফল-সবজি আলাদা করে রাখা উচিত। কাগজ বা কাপড়ের ব্যাগে ভরে রাখলে এগুলো বেশি দিন ভালো থাকে।
সঠিকভাবে ফ্রিজ ব্যবহার করলে খাবার দীর্ঘদিন সতেজ রাখা সম্ভব এবং অপচয়ও কমে যায়।